বার্তা সংস্থা আবনা : জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী উপ-প্রতিনিধি গোলাম হোসেইন দেহকানি বলেছেন, শান্তিরক্ষা মিশনের দোহাই দিয়ে অন্য কোনো দেশে সামরিক আগ্রাসন চালানো উচিত নয়।
গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের পিস বিল্ডিং কমিশন বা পিবিসি'র এক বৈঠকে দেহকানি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, "যুদ্ধ-বিধ্বস্ত অথবা সহিংসতাপূর্ণ কোনো দেশে প্রথম ভূমিকা রাখবে ওই দেশের সরকার। জাতিসংঘ তার শান্তি মিশনের মাধ্যমে সহিংসতা পরবর্তী কোনো দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে।"
পিবিসি'র ওই বৈঠকে ইরানের প্রতিনিধি বলেন, 'অগ্রাধিকারমূলক কূটনীতি' ও 'সংঘাত প্রতিরোধ' জাতিসংঘ শান্তি মিশনের প্রধান কর্তব্য হওয়া উচিত। সেই সঙ্গে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের অংশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যবহার করা উচিত বলেও উল্লেখ করেন দেহকানি।
সহিংসতা পরবর্তী কোনো দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য ২০০৫ সালে জাতিসংঘ পিস বিল্ডিং কমিটি বা পিবিসি প্রতিষ্ঠিত হয়।#রেডিও তেহরান